জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।” তিনি বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, আর কোনো ফ্যাসিবাদী দোসরদের এ দেশে জায়গা দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত এই পথসভায় তিনি বলেন, “আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে।
আমরা আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাতে এই দেশের শাসনভার তুলে দেব না। যারা ভিনদেশী প্রভুদের ইশারায় কথা বলে, তাদের রাজনৈতিকভাবে পরাজিত করা হবে।”
তিনি স্পষ্ট করে দেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন দেশের ছাত্র জনতা মেনে নেবে না। “আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে যদি কোনো নির্বাচনের পায়তারা করা হয়, তাহলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে,” হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।
এর আগে দুপুর দেড়টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ও “নতুন বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে মাগুরায় পদযাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি মাগুরা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়, ঢাকা রোড হয়ে ভায়না মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী, আকতার হোসেন, সারজিস আলম, ডা. তাসনীম জারা, সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
পথসভা শেষে এনসিপি নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে ঝিনাইদহ সফর শেষে দুপুর ১টা ৩০ মিনিটে মাগুরা শহরে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা।