সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা সমালোচনা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জামায়াতকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করছেন। এই প্রেক্ষাপটে নিজের অবস্থান তুলে ধরেছেন জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“জামায়াতের রাজনীতির ক্রিটিক আছে, সমালোচনা আছে। আপনি সেটা করতেই পারেন। সেই অধিকার সবার আছে। কিন্তু লীগ যেই ভাষায় করে, যেই বয়ানে করে, সেই ভাষায়-সেই বয়ানে যখন জামায়াতের সমালোচনা করবেন, তখন আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করছেন।”
পিনাকী স্পষ্ট করে উল্লেখ করেন, বিএনপি ও এনসিপি (ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি) এই ‘ভুল’ বারবার করছে। তার ভাষায়, “ভাইডি তুমি র-এর খপ্পরে পড়েছো।” এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ইঙ্গিত করেছেন যে, জামায়াতবিরোধী সমালোচনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কৌশলগত ভাষা ও বয়ান ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশের স্বাধীন রাজনৈতিক অবস্থানের পরিপন্থী।
পিনাকীর এই মন্তব্য রাজনীতির নানা মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ একে বাস্তবতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি জামায়াতকে আড়াল করার অপচেষ্টা।
এই প্রসঙ্গে বিশ্লেষকদের মতে, জামায়াতের সমালোচনা করা রাজনৈতিকভাবে স্বাভাবিক হলেও, তা যদি বিদেশি শক্তির ভাষা ও কৌশল অনুসরণ করে করা হয়, তবে তা জাতীয় স্বার্থের পরিপন্থী হয়ে উঠতে পারে।