ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতেই সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, রাজনীতিতে তার একমাত্র পছন্দ আওয়ামী লীগ এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই।
রোববার (৩ মে) এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি সবসময় যে দলে যুক্ত হয়েছেন, সেই দলের প্রতিই অনুগত থেকেছেন। তার ভাষায়, “পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই।” তিনি মনে করেন, বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে চাপে থাকলেও এই অবস্থা স্থায়ী হবে না।
সাবেক এই সংসদ সদস্য বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে কোনো দলকে দীর্ঘদিন নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। প্রতিহিংসার রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়ে স্বল্প সময় দায়িত্ব পালন করা সাকিব জানান, সুষ্ঠু নির্বাচন হলে তিনি আবারও নির্বাচনে অংশ নিতে চান এবং জনগণের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী।
তবে দেশে ফেরার বিষয়ে তিনি নিরাপত্তা ও হয়রানির আশঙ্কার কথা তুলে ধরেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে চান জানিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুতই দেশে ফিরবেন।