আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের ব্যক্তিগত গাড়িতে চালক ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গানম্যানসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন।
সম্প্রতি প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের যানবাহন ব্যবহারের বিষয়ে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন—যেমন জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিক্সা ব্যবহার করতে পারবেন।
প্রতিটি যানবাহনে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যেই গণনা করা হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেসব এলাকায় প্রার্থী ও নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দুইজন আরোহী থাকতে পারবেন।
নৌপথে চলাচলের ক্ষেত্রেও প্রার্থী ও নির্বাচনি এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।
এ ছাড়া, প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ব্যতীত যানবাহনে অবস্থানকারী অন্য ব্যক্তিদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছাড়া তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না।