সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে হোয়াটসঅ্যাপ কল এবং বার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ওসি মোখলেছুর রহমান জানান, ভারতীয় নম্বর +৯১৭০৪৪৮০৪১৭৮ থেকে হোয়াটসঅ্যাপে একটি কল ও বার্তা আসে। বার্তায় লেখা ছিল: “আওয়ামী লীগ হারায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরেও ফিরবে। বিষয়টা মাথায় রাখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। সমন্বয়ক-জামায়াত কেউ বাঁচাতে পারবে না। মাইন্ড ইট।”
তিনি জানান, হুমকিদাতা কল রিসিভের পরও ভয়ভীতি দেখিয়ে বলেন, “সময়মতো সামনে এসেই পরিচয় দেব।” এরপর ওসি নিজেই কলটি কেটে দেন।
ওসি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ও প্রযুক্তি টিম বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে হঠাৎ করে ভারতীয় নম্বর থেকে এমন হুমকির ঘটনায় স্থানীয় প্রশাসনের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। ছাতক থানা সূত্রে জানা যায়, ওসি মোখলেছুর রহমান সম্প্রতি এলাকায় বেশকিছু চাঞ্চল্যকর অভিযান পরিচালনা করেছিলেন, যা কিছু মহলের অসন্তোষের কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, একটি স্বাধীন রাষ্ট্রের পুলিশ কর্মকর্তাকে বিদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি শুধু জাতীয় নিরাপত্তা নয়, কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গেরও প্রশ্ন তুলে। বিষয়টি আন্তর্জাতিক যোগাযোগ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
প্রশাসন আশ্বস্ত করেছে, হুমকিদাতার পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তায় তদন্ত জোরদার করা হয়েছে।