আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার নারায়ণগঞ্জে র্যাব-১১ সদর দপ্তর ও পুলিশ লাইন পরিদর্শন শেষে বলেন,
“এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচন আগে এগুলো উদ্ধার করা হবে। রাজনৈতিক দলগুলোকে এ কাজে ভূমিকা রাখতে হবে।”
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন,
“গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এ তথ্য সঠিক। আমাদের নাগরিকদের অবশ্যই নিতে হবে, তা ১০ কিংবা ২০ বছর পর হলেও। তবে রোহিঙ্গাদের যেভাবে পুশইন করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত অনেক সময় নিয়ম না মেনে নদীর পাড়ে ও জঙ্গলে ফেলে দিচ্ছে। এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাতে কিছুটা ফলও পাওয়া যাচ্ছে।”
মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চারজনকে শনাক্ত করার কথা জানিয়ে তিনি বলেন,
“তিনজনকে গ্রেপ্তার ও ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত টিম কাজ করছে। দোষীরা ছাড় পাবে না। কেউ দায়িত্বে অবহেলা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“সত্য তুলে ধরলে বিভ্রান্তি দূর হবে। আমরা চাই নিরপেক্ষভাবে সব তথ্য আসুক। রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে, আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা।”
জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর প্রসঙ্গে তিনি জানান,
“অনেক মামলার তদন্ত এগিয়েছে। তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে। নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে।”
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার উপস্থিত ছিলেন।