মহান আল্লাহ তায়ালা রামাদের শ্রেষ্ঠ নেয়ামত ইমান দান করেছেন। আর এই ইমান নিয়ে যে ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিতে পারবে না সে অবশ্যই জাহান্নামে যাবে। আমরা যেন সর্বদা ইমানের ওপর অবিচল থাকতে পারি, সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখিয়েছেন।
শাহর ইবনে হাওশাব বলেন, আমি উম্মে সালামা রা. কে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনিন! রসুল সা. আপনার কাছে অবস্থানকালীন কোন দোয়া বেশি পড়তেন? তিনি বলেন, রসুল সা. এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন يا مقلِّبَ القلوبِ ثبِّت قلبي على دينِكَ (হে অন্তরসমূহ পরিবর্তনকারী! আমার অন্তর আপনার দীনের উপর অবিচল রাখুন)
উম্মে সালামা রা. বলেন, আমি রসুল সা.কে জিজ্ঞেস করেছিলাম– আপনি এই দোয়াটি কেন বেশি পাঠ করেন? রসুল সা. বলেছিলেন, সকল মানুষের অন্তর আল্লাহর দুই আঙুলের মাঝখানে রয়েছে। তিনি যাকে ইচ্ছা দীনের উপর রাখেন আর যাকে ইচ্ছা বিচ্যুত করেন। (আল্লাহ যেন আমাকেও সবসময় হেদায়েতের উপর অবিচল রাখেন তাই এই দোয়া বেশি পাঠ করি) ( তিরমিযী শরিফ, হাদিস: ৩৫২২)
আল্লাহ তায়ালা আমাদেরকে হেদায়েতের ওপর অবিচল থাকার জন্য কুরআনুল কারিমেও দোয়া করতে শিখিয়েছেন, رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا (হে আমাদের প্রভু! হেদায়েত দান করার পর আমাদের অন্তর বক্র করে দিয়েন না।)
আল্লাহ তায়ালা আমাদেরকে সর্বদা ইমানের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন