মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয় ও লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্ষার পানি আটকে থাকায় মাঠটি শিক্ষার্থীদের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ আশপাশের কিশোর-তরুণেরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
বুধবার সকালে গিয়ে দেখা যায়, মাঠটি পুরোপুরি পানিতে তলিয়ে আছে। শিক্ষার্থীরা মাঠে খেলতে না পেরে বিদ্যালয়ের বারান্দায় দৌড়ঝাঁপ করছে। এতে তারা হতাশা প্রকাশ করে।
স্থানীয়রা জানান, মাঠের চারপাশে বিদ্যালয় ভবন, সড়ক ও জনবসতি থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ফলে শিক্ষার্থীরা ছুটির সময় কিংবা অবসরে খেলাধুলার সুযোগ পাচ্ছে না।
লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান বলেন,
“ফুটবল বা ক্রিকেট খেলার মতো জায়গা নেই। মাঠে পানি জমে থাকে বলে খেলতে পারি না, এতে খুব কষ্ট হয়।”
লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম জানান, মাঠে পানি থাকায় শিক্ষার্থীরা শুধু খেলাধুলা নয়, যাতায়াতেও সমস্যায় পড়ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ২৩২ জন শিক্ষার্থী রয়েছে।
লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম বলেন,
“আমাদের বিদ্যালয়ে ২৮৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়। মাঠ ভরাটের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করেও এখনো কোনো সমাধান মেলেনি।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, এলাকাবাসীরও একমাত্র খেলার স্থান। পানিতে তলিয়ে থাকায় তরুণরা খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে মোবাইল ও নেশায় আসক্ত হচ্ছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, “মাঠের বিষয়ে আমরা অবগত আছি। মাঠ উঁচু করার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে।