সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
পবিত্র উপাসনালয়, যেখানে মানুষ প্রশান্তির খোঁজে আসে, সেই আল্লাহর ঘরেও হানা দিতে দ্বিধাবোধ করছে না অপরাধীরা। টাঙ্গাইলের ভূঞাপুরে দিনেদুপুরে কুকাদাইর টি-রোড জামে মসজিদ থেকে দুঃসাহসিক ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।
তবে এটিই নতুন ঘটনা নয়, এর পূর্বেও মসজিদ থেকে ৪ থেকে ৫ বারের মতো ব্যাটারির চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) যোহর ও আসর নামাযের মাঝামাঝি কোনো এক সময়ে মসজিদের ভেতর থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুঃসাহসিক চোরচক্র।
জানা গেছে, প্রতিদিনের মতো যোহরের নামাজ শেষ করে মুসল্লিরা বাড়ি ফিরে যাওয়ার পর মসজিদটি সাময়িকভাবে নির্জন হয়ে পড়ে। ঠিক এই সুযোগটিই লুফে নেয় ওত পেতে থাকা চোরচক্রটি । অত্যন্ত সুকৌশলে তারা মসজিদের ভেতরে প্রবেশ করে মসজিদ থেকে ভারী ব্যাটারিটি খুলে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এদিকে আসরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিতে এসে দেখেন মসজিদের অন্ধকার কক্ষটিতে কেবল ব্যাটারির তার ঝুলছে,ব্যাটারি নেই।
মসজিদে আসা মুসল্লিরা আক্ষেপ করে বলেন, “মানুষ এখন আল্লাহর ঘরকেও ভয় পায় না। এটা শুধু চুরি নয়, এটা আমাদের বিশ্বাসের ওপর আঘাত।” দিনেদুপুরে এত বড় ব্যাটারি নিয়ে গেল, অথচ কেউ টেরও পেল না! এটা খুবই হতাশা ও দুঃখজনক ঘটনা। এ ঘটনায় আমরা এলাকায় এখন নিজেদের জিনিসপত্র নিয়েই আতঙ্কে আছি।”
এ বিষয়ে কুকাদাইর টি-রোড জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন জানান, “পবিত্র উপাসনালয় থেকেও দিনেদুপুরে চুরির ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে।
এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।” স্থানীয়দের দাবি, ইদানীং এলাকায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় চুরির ঘটনাগুলো বাড়ছে। এর পূর্বেও মসজিদ থেকে ৪ থেকে ৫ বার ব্যাটারি চুরি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।