কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ডা. শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর বিচারের দাবিতে বরিশালে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শতাধিক নারী এই ঝাড়ু মিছিলে অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষুব্ধ নারীরা ‘শফিক তুমি ক্ষমা চাও, নারীরা নয় পতিতা’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, তা নারীদের মর্যাদা ক্ষুণ্ন করেছে। অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না এবং এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা এবং সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেত্রী ও কর্মীরা।