বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে বরিশাল বিভাগ থেকে লক্ষাধিক নেতাকর্মী রাজধানীর উদ্দেশে রওনা হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে অন্তত ২৬টি বিলাসবহুল লঞ্চ ও কয়েক শ বাসে করে নেতাকর্মীরা ঢাকার পথে যাত্রা শুরু করেন। এর বাইরে হাজারো নেতাকর্মী আগেই ঢাকায় এসে অবস্থান নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রায় দেড় যুগ পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে বরিশাল বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।
বিএনপি সূত্র জানায়, বুধবার রাতে বরিশাল নৌবন্দর থেকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে পারাবাত–১১, সুন্দরবন–১৫, এম খান ও সুরভী–৭সহ একাধিক লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া ভোলা জেলা থেকে ১৪টি লঞ্চ ঢাকার পথে রওনা দিয়েছে। বরিশাল বিভাগের বাকি পাঁচ জেলা থেকে আরও ১২টি লঞ্চ ঢাকাগামী হয়েছে। পাশাপাশি সড়কপথে শতাধিক বাসে করে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা গণসংবর্ধনায় যোগ দিচ্ছেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি লঞ্চ ও কয়েক শ বাসে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় নেতাদের মতে, এই গণজমায়েত শুধু একটি সংবর্ধনা নয়; বরং দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলীয় শক্তি ও আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।