মুন্সিগঞ্জ প্রতিনিধি
গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইমাম সম্মেলন। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত এ সম্মেলনে জেলার ছয় উপজেলার প্রায় সাত শতাধিক মসজিদের ইমাম অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি তার বক্তব্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের অংশগ্রহণই এর সাফল্যের মূল চাবিকাঠি। এ ক্ষেত্রে সমাজে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ইমামদের মাধ্যমে শান্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মুন্সিগঞ্জের উপপরিচালক মো. সাহাবুদ্দীন। তিনি বলেন, মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা সম্ভব।
সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুছাব্বেরুল ইসলাম। তিনি বলেন, ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণ গণভোটে জনগণের উপস্থিতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
সম্মেলন শেষে ইমামদের মাধ্যমে গণভোট বিষয়ে ইতিবাচক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।