কুষ্টিয়া–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত বহু বর্ণনা ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার ভাষায়, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা অনেক কাহিনিই “কল্পকাহিনী”, যার বড় একটি অংশ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে যে ইতিহাস প্রচার করা হয়েছে, তা একপাক্ষিক ও বিকৃত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জামায়াতে ইসলামীর আয়োজিত বিজয় র্যালিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মুফতি আমির হামজা। তিনি বলেন, ইতিহাস জানতে হলে বদরুদ্দীন উমরের লেখা বই পড়তে হবে। সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে যেসব বর্ণনা রয়েছে,
সেগুলোর অনেকটাই বাস্তবতার সঙ্গে মিল নেই বলে তিনি দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, “যেসব কল্পকাহিনী এতদিন লেখা হয়েছে, তার ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা।”
আমির হামজা বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামি যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং তারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তিনি দাবি করেন, এই সত্য এতদিন জনগণের সামনে আসতে দেওয়া হয়নি। বিজয় র্যালির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামি দেশের স্বাধীনতার পক্ষে ছিল এবং রয়েছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই দলটিকে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আগামীর বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে আমির হামজা বলেন, তারা একটি ভারত-নির্ভরশীলতা থেকে মুক্ত, স্বাধীনচেতা বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, “আমরা চাই, আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে।” একই সঙ্গে অতীতের বিভাজনমূলক ইতিহাস নিয়ে না টেনে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ দেশে জন্ম নেওয়া প্রত্যেকেই সম্মানিত নাগরিক এবং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়েই দেশকে এগিয়ে নিতে চান তারা। বিজয় র্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।