সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পক্ষ থেকে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন সীমান্ত উপজেলাগুলোতে বিজিবি এই অভিযান পরিচালনা করছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে বিজিবি’র টহল দল সার্বক্ষণিক নজরদারি করছে। সীমান্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে ২৪ ঘণ্টা ধরে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এই বিষয়ে বলেন, “অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি কোনোভাবেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।”
কমান্ডিং অফিসার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি সাধারণ জনগণকে যেকোনো গোপন তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং তথ্য প্রদানকারী ব্যক্তিদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র এই কৌশলগত দক্ষতা এবং সাহসিকতাপূর্ণ পদক্ষেপটি একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিশেষ অভিযানের মাধ্যমে লালমনিরহাট সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়।