মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র হিসেবে মজিবুর রহমান এলাকায় দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদককে পরাজিত করে মেয়র নির্বাচিত হওয়ায় তিনি রাজনৈতিকভাবে আরও বেশি পরিচিতি পান।
এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মজিবুর রহমান বলেন, “দলীয় সিদ্ধান্তকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। বিএনপির ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমেই এই বিজয় এসেছে।” তিনি নেতাকর্মীদের কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা মিষ্টি বিতরণ না করার অনুরোধ জানান। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানান।
কালিয়াকৈর উপজেলা, পৌর এলাকা ও গাজীপুর সিটি করপোরেশনের একাংশ নিয়ে গঠিত গাজীপুর-১ আসন। প্রথম দফায় গাজীপুরের ২, ৩, ৪ ও ৫ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও গাজীপুর-১ আসনটি অনিশ্চিত ছিল। অবশেষে বৃহস্পতিবার বিকেলে দল এই আসনের মনোনয়নও চূড়ান্ত করে।