শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুর গ্রামে এক অসহায় পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
জানা যায়, একই ইউনিয়নের মৃত কুটির মিয়ার স্ত্রী রহিমা বেগম (৫০) ও তার বর্তমান স্বামী নানু মিয়ার সঙ্গে হোছনা বেগমের স্বামী নবীর মিয়া এবং চাচা শ্বশুর এলাই মিয়ার দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বিচারও অনুষ্ঠিত হয়।
অভিযোগ করা হয়, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে পরিকল্পিতভাবে ডাকাতির একটি নাটক সাজানো হয় এবং ঘটনার দুই দিন পর, ১৭ এপ্রিল নবীর মিয়া ও এলাই মিয়ার ছেলে শিব্বলি মিয়া (৩০)-কে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ইমামবাড়ি বাজার থেকে মিশুক (ইজিবাইক) চালানোর সময় নবীর মিয়াকে মামলা নং ১৩/২৬-এ গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে হোছনা বেগম অভিযোগ করে বলেন, “নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
এ সময় তিনি সাংবাদিক মহল এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।