মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনিকক্সবাজার খ্যাত পিপরুল ইউনিয়নের পাটুল এলাকায় সাবমার্সিবল রাস্তায় জমে থাকা প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ কচুরিপানা পরিষ্কার করেছেন জামায়াতে ইসলামী নেতা-কর্মীরা। বর্ষার পানি নেমে যাওয়ার পর কচুরিপানা জমে চলাচলে যে বাধা সৃষ্টি হয়েছিল, তা দূর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বর্ষার পানি নামার পর থেকেই রাস্তাটিতে কচুরিপানা জমে ছিল। এতে পথচারী, সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহনের চলাচলে দীর্ঘদিন ভোগান্তি সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে উপজেলা জামায়াত নেতা-কর্মীরা কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সড়ক পরিষ্কার ও উদ্ধার কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।
নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রব মৃধা জানান, পাটুল সাবমার্সিবল রাস্তাটি পাটুল হয়ে খাজুরিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক। গত বর্ষায় ছয় মাস পানির নিচে থাকার পর পানি নেমে গেলেও কচুরিপানা ও জলজ আগাছায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।
স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ী টিপু বলেন, রাস্তাটি পরিষ্কার হওয়ায় দূর হয়েছে জন ও যান চলাচলের দুর্ভোগ। এতে হাজারো মানুষ উপকৃত হয়েছেন। এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল বলেন, জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা দূর করা আমাদের নৈতিক দায়িত্ব। রাস্তাটি সচল হওয়ায় এলাকার জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে দেখে আমরা আনন্দিত।