বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি ও ধর্মকে তাদের নিজ নিজ জায়গায় রাখতে হবে। “ধর্মকে রাজনীতির মাঠে টেনে এনে বিভাজন তৈরি করবেন না,”—বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত জনতার প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
ডা. জাহিদ বলেন, “এই বাংলাদেশটা শুধু মুসলমানদের নয়—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, হাজং—সবাই মিলেই এই দেশ। আমরা সবাই যেমন নবাবগঞ্জবাসী, তেমনি আমাদের পরিচয় বাংলাদেশি। এই প্রিয় পরিচয়কে ধরে রেখেই আমরা দেশকে গড়তে চাই।”
তিনি বলেন, যারা মানুষকে ধর্ম–বর্ণের ভিত্তিতে বিভক্ত করতে চায়, তারা দেশেরও শত্রু, জাতিরও শত্রু। “এই দেশে শত শত বছর ধরে সব জনগোষ্ঠী মিলেমিশে বসবাস করেছে। অসাম্প্রদায়িক এই ঐতিহ্যই বাংলাদেশের প্রকৃত শক্তি। এই ঐক্যকে যদি ধরে রাখতে পারি, তাহলে দেশের প্রতিটি মানুষ শান্তিতে ও নিরাপত্তায় বসবাস করতে পারবে।”
মানুষকে প্রলোভন বা ভীতির রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “লোভ–লালসায় নয়, নিজের আত্মবিশ্বাস ও ঈমানের জোরে সামনে এগিয়ে যেতে হবে। বিভাজনের রাজনীতি দেশের উন্নয়নকে পিছিয়ে দেয়। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা ডা. জাহিদের বক্তব্যে সমর্থন জানান এবং শান্তি–সম্প্রীতির রাজনীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন।