রবিউল ইসলাম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিদ্দিপুর গ্রাম থেকে শিবপুর চারমাথা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা ৫৪ বছরেও পাকা হয়নি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই রাস্তাটিতে কোনো সংস্কার বা পাকাকরণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সড়ক দিয়েই প্রতিদিন গ্রামের সাধারণ মানুষ হাট-বাজারে যাতায়াত করেন এবং কৃষকরা মাঠের ফসল ঘরে তোলেন। বর্ষা এলেই রাস্তা কাদা-পানিতে একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়ে। তখন গ্রামীণ জীবন যেন থমকে যায়।
স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, “এই রাস্তা পাকা করার দাবি আমরা বারবার দিয়েছি। কিন্তু কেউ আমাদের কথা শোনে না। বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলা—এই ভোগান্তি বছরজুড়েই।”
রাস্তাটির দুই পাশে সবুজ ধানের ক্ষেত, কিন্তু মাঝখানের কাদামাটির রাস্তাটি যেন উন্নয়নের অভাবে বঞ্চিত গ্রামের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি—দীর্ঘদিনের এই জনদুর্ভোগ দূর করতে দ্রুত সিদ্দিপুর থেকে শিবপুর চারমাথা পর্যন্ত রাস্তা পাকা করার পদক্ষেপ নেওয়া হোক।