জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আ. জলিল শরীফকে এক ভোটে পরাজিত করে পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি। ঘটনাটি স্থানীয় রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি পদে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে শাহাদাৎ হোসেন ফরাজি ৪ ভোট পেয়ে এক ভোটের ব্যবধানে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ. জলিল শরীফ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসাটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠা করেন মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা। ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করব। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”