সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি :
‘কারও বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ বলে নিরপেক্ষতার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন ‘প্রধান উপদেষ্টা যেমন বলেন, আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচন অতীতকালের মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হবে- আমরা সেটিকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে কিছু কিছু কর্মকর্তা ও যারা দেশ পরিচালনা করছেন তাদের আচরণ প্রশ্নবোধক। সেগুলো নিয়ে পত্র-পত্রিকায় নিয়মিতভাবে লেখালিখি চলছে।
জনগণ এটিকে ভালো চোখে দেখছে না, এ বিষয়ে বিএনপি সচেতন রয়েছে। বিএনপি বিশ্বাস করতে চায়, সবাই যার যার অবস্থান থেকে নিরপেক্ষ আচরণ করবেন- কোনও অবস্থাতেই বামে ডানে হেলে পড়ার চেষ্টা করবেন না, মধ্যবর্তী পর্যায়ে থাকবেন তাহলেই মানুষ সম্মান করবে। তা না হলে পালানো স্বৈরাচার সরকারের কী অবস্থা হয়েছে, জনরোষ এমন এক জিনিস এটি কিন্তু কাউকে ক্ষমা করবে না।’
তিনি আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনারের একার নয়। প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তাদেরও এ দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে।
কর্মীসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান (রাজা), উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির মিলনসহ অনেকে।