মাহিনুর ইসলাম ,বড়লেখা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রস্তুতি পরিদর্শন করেন দলটির নেতৃবৃন্দ।
এসময় তারা হিন্দু ধর্মাবলম্বী পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কামনা জানান।
জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ শুধু কোনো এক ধর্মের মানুষের নয়, বরং এখানে সব সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। আমরা চাই, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করুক। আমরা বিশ্বাস করি, ধর্মীয় উৎসব মানুষের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দেয়। সেই আনন্দ যেন সবার মাঝে ভাগ হয়ে যায়, সেটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, রাজনীতি কেবল ভোট বা ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানুষের অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য। আমরা চাই একটি ন্যায় ও ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ সমাজ যেখানে কারও ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হবে না, বরং সবাই সম্মানের সঙ্গে উৎসব পালন করবে।
এসময় উপজেলার বর্ণি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. কামাল উদ্দিন, বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুজিবুর রহমান,
বড়লেখা থানার এসআই জামিল আহমদ, সাংবাদিক মাহিনুর ইসলাম মাহিন, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, মুজিবুর রহমান, জাবের আহমদ, জাকির হোসেনসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা বলেন, আমরা আনন্দিত যে জামায়াতের নেতারা আমাদের মণ্ডপে এসে সম্প্রীতির বার্তা দিয়েছেন। তাদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।
তারা আরোও বলেন, জামায়াত যেভাবে এদেশের মানুষের জন্য কাজ করছে তা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। আমরা আগামীর বাংলাদেশে তাদেরই নেতৃত্বে দেখতে চাই, যাদের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, দুর্নীতি হবে না।
পরে জামায়াত নেতৃবৃন্দ পূজা মণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারা দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়োজকদের সহযোগিতা ও এলাকার সর্বস্তরের মানুষের ঐক্য কামনা করেন।