সোহেল রানা, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নতুনভাবে যাত্রা শুরু করা ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এক আবেগঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
এবারের শিক্ষাবর্ষে ২৮ জন শিক্ষার্থী নিয়ে কলেজ শাখার একাদশ শ্রেণির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পুরো অডিটোরিয়াম ভরে ওঠে প্রাণচাঞ্চল্যে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল করিম। সঞ্চালনা করেন বন্ধুকহীন স্কুল এন্ড কলেজের শিক্ষক মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন,
“ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের জন্য শুধু একটি শিক্ষালয় নয়, বরং তাদের স্বপ্ন দেখার, বড় হওয়ার এবং মানুষ হয়ে ওঠার ঠিকানা। এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বেতন দিতে হবে না, পাশাপাশি ড্রেস ও ব্যাগও ফ্রি প্রদান করা হবে। আমরা চাই আমাদের সন্তানরা নির্ভার হয়ে শুধু পড়াশোনার প্রতি মনোযোগী হোক।”
সভাপতির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন,
“শিক্ষা শুধু বইয়ের পাতা নয়, শিক্ষা হলো জীবনের দিশা। ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজ ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের মধ্য দিয়েই তারা আগামী দিনের গৌরব হয়ে উঠবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুল গফুর মোল্লা, ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ সরবেশ আলী, আকমল হোসেন, ইদ্রিস আলী, হাজী আব্দুল জালাল উদ্দিন, ইউপি সদস্য আনসার আলী, সানোয়ার হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরিশেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
এক টুকরো গ্রামের আকাশের নিচে, ২৮ জন স্বপ্নবাজ তরুণ-তরুণীকে নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজের কলেজ শাখা। শিক্ষার আলোয় তাদের আগামী দিনের পথচলা হোক উজ্জ্বল—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন অতিথিবৃন্দ।