চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ পুলিশের আত্মরক্ষার্থে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে, সেটি আগ্নেয়াস্ত্র হোক বা ধারালো, সঙ্গে সঙ্গে গুলি করতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সিএমপির সকল থানায় ওয়্যারলেস বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন কমিশনার। পরদিন রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন একাধিক কর্মকর্তা।
এই নির্দেশনার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় সোমবার রাতে চট্টগ্রামের ঈশান মিস্ত্রি হাট এলাকায় সংঘটিত একটি হামলার ঘটনা। সেখানে আওয়ামী লীগের একটি মিছিলে ধাওয়া দিতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন বন্দর থানার এসআই আবু সাঈদ রানা। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
সিএমপি কমিশনার বলেন, “শুধু রাবার বুলেট দিয়ে এখন কাজ হচ্ছে না। কেউ পুলিশের সামনে অস্ত্র বের করলেই সরাসরি গুলি করতে হবে। মাথা, বুক বা পিঠ লক্ষ্য করে গুলি করতে হবে।”
তিনি আরও বলেন, “আইন অনুযায়ী (দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা) পুলিশ আত্মরক্ষার জন্য আগেই গুলি চালাতে পারে। আক্রমণ শুরুর আগেই ব্যবস্থা নিতে হবে।”
কমিশনার আরও নির্দেশ দেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী প্রতিটি মোবাইল, পেট্রোল ও ডিবি দল অস্ত্র এবং তাজা গুলি নিয়ে টহলে বের হবে।
পুলিশ সূত্র জানায়, অনেক পুলিশ সদস্য গুলি ব্যবহার না করার কারণে হামলার শিকার হন। ফলে এখন থেকে পরিস্থিতি বিবেচনায় আত্মরক্ষার সর্বোচ্চ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন আহত এসআই রানা। পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।