নোয়াখালীর হাতিয়া উপজেলাতে কোস্টগার্ড শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে চরঈশ্বর বাংলা বাজার মাছঘাট থেকে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেন গণমাধ্যমকে।
আটককৃত আবু বকর সিদ্দিক (৪৫) প্রকাশ নিজাম মাঝি সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের আজিজুল হকের বড় ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানাযায় , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা বাজার ঘাট থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বাংলা বাজার মাছঘাটে থাকা তার মৎস্য আড়তে এ তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা এবং ২৯টি হাতবোমা জব্দ করা হয়েছে।
আটক নিজাম মাঝি দীর্ঘদিন ধরে এই ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিভিন্ন অপকর্ম করে আসছেন বলে কোস্টগার্ড দাবি করেন।
কোস্টগার্ডের অভিযানের সময়ে বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরণ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, “আটক আবু বকর সিদ্দিক মিজানকে অস্ত্র জব্দ দেখিয়ে হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবেন বলে নিশ্চিত করেন গণমাধ্যমকে।