মো: মোকলেছুর রহমান, সৌদি আরব প্রতিনিধিঃ
সৌদি আরব থেকে প্রবাসী রুবেলের লাশ আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তার আরও দুই ভাই। হৃদয়বিদারক এই ঘটনা ঘটে শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতাসা এলাকায়।
নিহত প্রবাসী রুবেল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। প্রায় এক বছর আগে সৌদি আরবে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪ জুলাই ২০২৫ তারিখে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করে অ্যাম্বুলেন্সযোগে বাড়ির পথে রওনা দেন।
অ্যাম্বুলেন্সটিতে ছিলেন রুবেলের দুই ভাইও। চৌদ্দগ্রাম উপজেলার বাতাসা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে অ্যাম্বুলেন্সটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মারা যান রুবেলের দুই ভাই। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্যক্রম চালান।
এক পরিবারের তিন ভাইয়ের লাশ একসাথে বাড়িতে পৌঁছানোর খবরে ফটিকছড়ির রুবেলের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।