কুষ্টিয়া-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা। রোববার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করা হয়।
প্রার্থী ঘোষণার এই অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। তিনি বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো।”
মুফতি আমীর হামজার প্রসঙ্গে মোবারক হোসেন আরও বলেন, “আমরা যে প্রার্থী দিয়েছি, তিনি শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একজন পরিচিত মুখ। তার জনপ্রিয়তা ইসলামী চিন্তাভাবনা ও সমাজকল্যাণমূলক কাজের কারণে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা এবং জেলা সভাপতি খাজা আহমেদ।
জামায়াত নেতারা সমাবেশে বলেন, তারা জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে থাকবেন।