মহরম হাসান মাহিম,খুলনা
বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় খুলনার কয়রা উপজেলার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নববধূ, তার ছোট বোন, দাদি ও নানী। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় চারটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কয়রা উপজেলার নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মার্জিয়া আক্তার মিতু (১৮), তার ছোট বোন লামিয়া (১০), তাদের দাদি মৃত শামছুউদ্দিন মোড়লের স্ত্রী রাশিদা বেগম (৭৫) এবং নানী আনোয়ারা বেগম (৫৮)। মার্জিয়া আক্তার মিতু নাকসা আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ রাতে নাকসা গ্রামের আব্দুস সালাম মোড়লের মেয়ে মিতুর বিয়ে হয় রামপাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বিয়ের পরদিন বৃহস্পতিবার সকালে নববধূ মিতু তার ছোট বোন, দাদি ও নানীকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি রামপালের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোংলা থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ, বর এবং তাদের স্বজনসহ মোট ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের বাড়ি কয়রার নাকসা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা নজরুল সানা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই এলাকাবাসী নিহতদের বাড়িতে ছুটে আসছেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।