মো. বদরুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
স্বাধীনতার পর এই প্রথম টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে একজন পূর্ণমন্ত্রী পাওয়ায় এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। খবরটি ছড়িয়ে পড়তেই সখীপুর ও বাসাইল উপজেলা শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা। এ সময় অনেকেই মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
টাঙ্গাইল-৮ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের খবরে সখীপুর ও বাসাইল উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে খুশি ও উচ্ছ্বাস দেখা যায়।
এ উপলক্ষে সখীপুর ও বাসাইল উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
সখীপুরে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শাজু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদ বাবুল, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, মীর আবুল হাসেম আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, এই আসন থেকে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ূন খান পন্নী ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে এই আসন থেকে কেউ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা মন্ত্রী হননি। এবারই প্রথম টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে অ্যাডভোকেট আহমেদ আযম খান পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৪০ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা বলেন, স্বাধীনতা পর এই প্রথম আমাদের সখীপুর–বাসাইল আসন থেকে একজন মন্ত্রী পেলাম। এতে আমরা সখীপুর–বাসাইলবাসী সত্যিই গর্বিত ও আনন্দিত।
তিনি আরও বলেন, মাননীয় মন্ত্রীর হাত ধরে সখীপুরের আঁটিয়া বন অধ্যাদেশসহ সখীপুর–বাসাইল এলাকার বিভিন্ন সমস্যার সমাধান এবং জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, অ্যাডভোকেট আহমেদ আযম খান পেশাগত জীবনে একজন আইনজীবী ও রাজনীতিক। তিনি বর্তমানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি দক্ষতার সঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সখীপুর–বাসাইলের জনগণের সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নিবিড় সম্পর্ক রয়েছে। এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা।