রাশিমুল হক , বরগুনা
বরগুনার আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে রাহাত ফকিরের নেতৃত্বে কয়েকজন মিল্টন মিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে মিল্টন মিয়া ও রাসেল আকন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সিএনজি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধার করা অস্ত্রসহ একটি সিএনজি জব্দ করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা সিএনজিটি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার।
সিএনজি মালিক সমিতির সভাপতি মিল্টন মিয়া বলেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি পরিচালনা করা হচ্ছিল। কিন্তু রাহাত ফকির এতে বাধা দেন। একপর্যায়ে তিনি লোকজন নিয়ে হামলা চালিয়ে আমাকে ও রাসেল আকনকে মারধর করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তবে রাহাত ফকির মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আগে থেকে ওই স্ট্যান্ডে সিএনজি পরিচালনা করতেন। মিল্টন মিয়া জোর করে স্ট্যান্ড দখল করেছেন বলে দাবি করেন তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি সিএনজি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।