মজনুর রহমান আকাশ, মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনীতে তালগাছে রেড পাম উইভিলের আক্রমন দেখা দিয়েছে। ইতোমধ্যে তিন শতাধিক গাছ মরে গেছে। আক্রমনের শিকার হয়েছে আরো সহস্রাধিক তালগাছ।
তালগাছের সংক্রমন রোধে ইতোমধ্যে তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ প্রদান করেছেন।
চিৎলা গ্রামের ওয়াসিম সাজ্জাদ লিখন ২০১৮ সাল থেকে চিৎলা ফার্ম এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় তিন লক্ষ বৃক্ষ রোপন করেন। যার সিংহভাগই তালগাছ। গাছগুলো বেড়েও উঠেছিল। হঠাৎ করেই বিভিন্ন স্থানে রোপিত তালগাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে।
কয়েকমাস আগে দু-একটি তালগাছের পাতা ও মাইজপাতা শুকয়ে যেতে দেখা যায়। কয়েক সপ্তাহর ব্যবধানে তিন শতাধিক তালগাছ মারা গেছে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, তালগাছ মারা যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং দুয়েকটি গাছ চিরে নিশ্চিত হন এটি রেড পাম উইভিলের আক্রমন। তিনি আরো জানান, রেড পাম উইভিল মূলতঃ চার থেকে ছয় বছর বয়সী গাছকে আক্রমণ করে।
গাছের ভেতরের নরম অংশ খেয়ে ফেলে। ফলে ধীরে ধীরে গাছ মারা যায়। তিনি বিশেষজ্ঞদের পরিদর্শন ও পরামর্শের আবেদন জানালে তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরে আলম জানান, কান্ড নরম থাকায় এই পোকা সৌদি খেজুর গাছে আক্রমণ করে থাকে। তবে সময়ের পরিক্রমায় এই পোকা এখন আক্রমণ করতে শুরু করেছে দেশীয় তালগাছে।
রেড পাম উইভিলের আক্রমন থেকে রক্ষা পেতে প্রাথমিক পর্যায়ে ফেরোমেন ট্রাপ ও ইনসিক্রিসাইট প্রয়োগ করার পাশাপাশি গাছের কচি পাতা না কাটার জন্য পরামর্শ দেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা।