মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে একটি দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের একটি কার্যালয়ে গিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যক্রম পরিচালনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা কার্যালয়টিতে তালা ঝুলিয়ে সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার দাবি জানান।
এ সময় সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। আলী নেওয়াজ বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের দোসররা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তার প্রমাণ মিলেছে। জনগণের নিরাপত্তার স্বার্থে এবং অপতৎপরতা রুখতে আমরা এই কার্যালয়ে তালা দিয়েছি।”
তবে এ বিষয়ে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে এলাকায় পাওয়া যায়নি এবং ফোনেও সাড়া মেলেনি।
উল্লেখ্য, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভাইরাল হওয়া ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে একটি অফিসকক্ষে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙাতে দেখা যায়।
সেখানে কয়েকজন কিশোর-তরুণের উপস্থিতিতে এক ব্যক্তিকে দলীয় স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ভিডিওতে স্লোগানদানকারী ব্যক্তি সাব্বির, যিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভিডিওটি একটি শাটার লাগানো দোকানের ভেতরে ধারণ করা হলেও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।