রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ ব্রিগেড অজেয়–৪ আর্মি ক্যাম্পের একটি টহল দল ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন রুদ্র রহমান, মো. বাইজিদ, মাসুদ রানা ও আবির হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা ইডেন মহিলা কলেজের আশপাশের এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। সোমবার সকালে চাঁদা আদায়ের সময় বাপ্পি নামের এক ব্যক্তি টাকা দিতে অস্বীকৃতি জানালে চারজন মিলে তাকে মারধর করে। এতে বাপ্পি গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে কলেজের সামনে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যায়।
ক্যাম্পে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, আটক চারজনই ঢাকা কলেজের শিক্ষার্থী। সেনাবাহিনীর টহল দল জানায়, এর আগেও তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ছিল। সূত্র আরও জানায়, চলতি মাসের ৪ জানুয়ারি ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে এই চারজনকে প্রথমবার আটক করে ক্যাম্পে আনা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেন। তবে মুক্তির মাত্র একদিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে, যা তাদের অপরাধপ্রবণতা ও আইনের প্রতি চরম অবজ্ঞার প্রমাণ দেয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১১টার দিকে আটক চারজনকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়। লালবাগ থানার এসআই দেবাশীষ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।