ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জানিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন আবদুল্লাহ আল জাবের। তিনি ইনকিলাব মঞ্চ-এর সদস্য সচিব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জাবের লেখেন, মহিউদ্দিন রনি, নাসিরউদ্দীন পাটোয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব—তিনজনের রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও একটি জায়গায় তারা এক হয়েছেন। তা হলো হাদি হত্যার বিচার দাবি এবং ক্ষমতায় গেলে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি।
তিনি উল্লেখ করেন, তারা কাউকে নির্দিষ্টভাবে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন না। ভোটাররা নিজেদের বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। তবে যারা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন এবং ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, তাদের প্রতি সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।
জাবের আরও লেখেন, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম চলমান থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই লড়াই অব্যাহত থাকবে।