রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসি জানায়, গুলশান এলাকার একটি বাসার ঠিকানা ব্যবহার করে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার নিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে—বাসা নম্বর এন ই-ডি৩/বি, ওয়ার্ড নম্বর ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২। পাশাপাশি বর্তমান ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ধানমণ্ডি ১৫ নম্বর এলাকার একটি আবাসিক বাসা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে গুলশান এলাকার ভোটার হিসেবে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।
ইসি সূত্র আরও জানায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চলতি বছরের জুনে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হন, যা একই ওয়ার্ড ও আসনের অন্তর্ভুক্ত।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এতে কোনো আইনগত জটিলতা ছিল না। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।