ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী জামায়াত–শিবিরের লোক বলে ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বোগাস বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “আমি শুনেছি—বোগাস কথাবার্তা। ভুয়া। আমি এমন কোনো বক্তব্য দিইনি।” তিনি আরও বলেন, ইতোমধ্যেই এ বিষয়ে একটি লিখিত রিজয়েন্ডার দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি প্রচার করে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। “সেই ছবি দেখেই আমার বরাতে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে,” বলেন তিনি।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী দাবি করেন, পুলিশ কমিশনার নাকি বলেছেন—হামলাকারী শিবিরের লোক। রিজভী বলেন, এটি কোনো বিএনপি নেতার বক্তব্য নয়, বরং তদন্তকারী সংস্থার বক্তব্য বলেই তিনি উল্লেখ করেছেন।
রিজভী আরও অভিযোগ করেন, হামলার এক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপি নেতা মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ আখ্যা দিয়ে পোস্ট দেয়। তিনি প্রশ্ন তোলেন, এত দ্রুত এই ধরনের মন্তব্য কীভাবে এল, অথচ তাদের বিরুদ্ধে কোনো হামলা হয়নি।
বক্তব্যে রিজভী দাবি করেন, হামলার সন্দেহভাজন ব্যক্তি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং বিভিন্ন সময়ে আওয়ামী ঘরানার নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল।
তবে ডিএমপি কমিশনার স্পষ্ট করে বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি এবং এ ধরনের বক্তব্য তার পক্ষ থেকে দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।