আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় বগুড়া-৬ আসনটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে দলটির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল্লাহ-আল-ওয়াকি।
একই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে লড়বেন বলে দলটি ইতোমধ্যে জানিয়েছে। ফলে বগুড়া-৬ আসনকে কেন্দ্র করে ভোটযুদ্ধ আরও উত্তাপ ছড়াবে বলে বিশ্লেষকদের ধারণা।
বুধবার সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, নতুন প্রজন্মের নেতৃত্ব, স্বচ্ছতা ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির শীর্ষ নেতৃত্বও এবার নির্বাচনে সরাসরি মাঠে নামছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা-১১ আসনে, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ আসনে লড়বেন।
এনসিপির নেতৃত্ব বলছে, তারা ‘বংশগত রাজনীতি’কে চ্যালেঞ্জ জানিয়ে যোগ্যতা, সততা ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করেছে। বিশেষ করে বগুড়া-৬ আসনে তারেক রহমানের বিরুদ্ধে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে ওয়াকির প্রতিদ্বন্দ্বিতা আলোচনার জন্ম দিয়েছে।