মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের উদ্যোগে মাওয়া বাজার থেকে টঙ্গীবাড়ীর যশলং পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটর শোডাউন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় মাওয়া কালিখোলা মাঠ থেকে শোডাউনটি শুরু হয়।
শোডাউনে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, পিকআপসহ বিপুল সংখ্যক যানবাহনে করে হাজারো নেতাকর্মী অংশ নেন। মাওয়ায় সমবেত হয়ে শোডাউনটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কামারখাড়া বাজার হয়ে শেষ পর্যন্ত যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে প্রার্থীর নিজ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়।
শোডাউন শেষে বক্তব্য দিতে গিয়ে প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইন বলেন, “আজকের শান্তিপূর্ণ শোডাউন প্রমাণ করে যে লৌহজং–টঙ্গীবাড়ীর মানুষ পরিবর্তন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতিকে সামনে রেখে এগোতে চান। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জয়ী হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। সুযোগ পেলে এই অঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা দায়িত্বশীলরা জানান, মাঠপর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনা এবং আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতেই এই মোটর শোডাউনের আয়োজন করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলেও তারা জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে শোডাউনের তথ্য নিশ্চিত করেছেন।