নূরুল আলম কামাল, নেত্রকোনা :
আওয়ামী লীগ সরকার পতনে ২০২৪ সালে জুলাই আগষ্ট আন্দোলন হয়। এতে সারা দেশে আন্দোলনকারী নিহত হয়েছেন, আহতও হয়েছেন অনেক। নিহতদেরকে সরকার রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দিয়েছে। দিয়েছেন আর্থিক অনুদানও।
অপরদিকে আহতদের তিন শ্রেণীতে বিভক্ত করে চিকিৎসা সুবিধাসহ ভাতার আওতায় আনা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আহতদের তালিকা প্রণয়ন করে। প্রথম ধাপে প্রণীত তালিকা নিয়ে বিতর্ক হয়।
পরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রশাসনকে যাচাই বাছাই করে প্রকৃত আহতদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেয়। যাচাই বাছাই শেষে সারা দেশে এ তালিকা থেকে ১২৭জন বাদ পড়েন। এরমধ্যে নেত্রকোনা জেলায় ২০জন জুলাই যোদ্ধার আহত তালিকা থেকে বাদ পড়েছেন।
এ তালিকায় এনসিপি নেতা ও সাংবাদিকও রয়েছেন। তবে অনেকের দাবি কেন বাদ দেওয়া হয়েছে তারা জানেন না। এরমধ্যে অনেকেই সরকার থেকে আর্থিক অনুদানসহ অনেক সুবিধা পেয়েছেন। এ নিয়ে স্থানীয় সুশীল সমাজের লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দশনায় জুলাই আগষ্ট আন্দোলনে আহতদের তিন ক্যাটাগরিতে তালিকা করা হয়। এর মধ্যে প্রথম দফায় গ ক্যাটাগরিতে নেত্রকোনায় ১৯৪ জন আহতে তালিকা করা হয়। পরে অধিকতর যাচাই বাছাই করে ১৮৪জনের চূড়ান্ত তালিকা করা হয়।
তাদের মধ্যে ১৩৭জন গত মে মাসে সরকারী সহায়তায় এককালীন ১লাখ টাকা সহ বিভিন্ন উৎসব উপহার পান। সারা দেশে প্রকৃত আহত ছাড়াও ভুয়া আহত কিছু লোক তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় জেলা প্রশাসনকে পুনঃ যাচাই বাছাইয়ের নির্দেশ দেয়।
এটি চলতি বছরের ২৫আগষ্ট নেত্রকোনা কমিটি যাচাই বাছাই শেষে এবং সভা করে ২০জনকে বাদ দেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করে তালিকা প্রকাশ করে। তালিকা থেকে বাদ পড়াদের অনেকেই ১লাখ টাকা সহ বিভিন্ন সরকারী সুবিধা পেয়েছেন।
জুলাই যোদ্ধার তালিকা থেকে বাদ পড়া মদন উপজেলার তানভীর আহমেদ বলেন, ১৮ জুলাই মদনে পুলিশ এবং আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারী ছাত্র জনতার উপর ৩৫ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ।
এতে আমিও আহত হই। সমস্ত প্রমাণাধী আছে। কিন্তু যাচাই বাছাই না করে মনগড়াভাবে আমাকে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমি মন্ত্রণালয় হস্তক্ষেপ কামনা করছি।
নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মুহাম্মাদ গোলাম মৌলা বলেন, মন্ত্রণালয় তালিকা থেকে ভুয়া আহত জুলাই যোদ্ধা বাদ দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে। নেত্রকোনায় তালিকা থেকে বাদ পড়েছেন ২০জন। যারা বাদ পড়েছেন তারা তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছেন। আবেদন গুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, তিনি নতুন যোগদান করেছেন। জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি জানেন না। যারা আর্থিক সহায়তা পেয়েছেন এ ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।