এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। এসময় তিনি তারেক রহমানের দেশে ফেরার পথে থাকা “ব্যারিকেড” বা রাষ্ট্রীয় বাধার অভিযোগ তুলে কড়া ভাষায় প্রতিবাদ জানান।
মনি বলেন, “একজন সন্তান তার মায়ের কাছে যেতে চায়—এটা মানবিক, স্বাভাবিক এবং নৈতিক অধিকার। মায়ের শেষ সময়ে পাশে থাকতে চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই।” তিনি দাবি করেন, তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন—চাইলেই তিনি দেশে ফিরতে পারেন না, বিভিন্ন ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক বাধা তাকে আটকে রেখেছে।
তিনি আরও বলেন, “যারা এই ব্যারিকেড দিয়ে রেখেছেন, তাদের বলবো—একটু মায়ের দিকে তাকান, সন্তানের দিকে তাকান, দেশের দিকেও তাকান। একজন ছেলেকে তার মায়ের কাছে ফেরার সুযোগ দিন।”
নিলোফার চৌধুরী মনি সতর্ক করে বলেন, “আজ যেটা করবেন, আপনার জন্য ভবিষ্যতে সেটাই পাওনা হবে। এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির প্রতিশোধ।” তিনি মনে করেন, মানবিকতার জায়গায় দাঁড়িয়ে যেকোনো রাষ্ট্র বা সংস্থার উচিত একজন সন্তানের অধিকার নিশ্চিত করা, বাধা নয়।
তারেক রহমানের দেশে ফেরার দাবি জানিয়ে তিনি বলেন, “শেষ সময়ে একজন সন্তান তার মায়ের হাত ধরতে চায়। এটা আটকানোর কোনো নৈতিক অধিকার কোনো রাষ্ট্রের নেই।”
এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি সিসিইউতে চিকিৎসাধীন এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।
নিলোফার চৌধুরী মনির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মানবিকতার জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবিতে ঐক্যমত ব্যক্ত করছেন।