ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম দাবি করেছেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবিরের কোনো পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে নারীর শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগের একটিও উদাহরণ নেই। তার ভাষ্য, “শিবিরের কাছেই নারীরা সবচেয়ে বেশি নিরাপদ।”
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ মাঠে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “আজ পর্যন্ত বাংলাদেশে কেউ একটি উদাহরণ দেখাতে পারবে না যে শিবিরের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে নারী ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আমাদের শৃঙ্খলা ও নৈতিকতা এমন যে নারীদের নিরাপত্তায় শিবির সর্বোচ্চ নিশ্চয়তা দেয়।”
এসময় তিনি ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “রাজশাহী কলেজসহ সারা দেশের কলেজ–বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত দিতে হবে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, ক্যাম্পাস পরিচালনা এবং অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সংসদের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “রাজশাহী কলেজ একটি গ্রিন–অ্যান্ড–ক্লিন ক্যাম্পাস। এই ক্যাম্পাসকে উন্নত করার মূল চাবিকাঠি শিক্ষার্থীদের নির্বাচিত নেতৃত্ব। ছাত্রনেতাদের মাধ্যমে আবাসন সংকটসহ প্রতিটি সমস্যার সমাধান সম্ভব।”
জুলাই বিপ্লবে তরুণদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “তরুণরাই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তারা ঘোষণা দিয়েছে—বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবে না। তরুণরা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছে এবং বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।”
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাকসু ও চাকসুর ভিপিসহ রাজশাহী কলেজ শিবিরের স্থানীয় নেতৃত্ব।