আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা শুক্রবার (২১ নভেম্বর) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রজুড়ে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিএসসি। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পরিচালক মিজানুর রহমান, মাষ্টার সফি উল্লাহ দুলাল, মাষ্টার জয়নাল আবেদীন, মাষ্টার অরবিন্দ দাসসহ সংশ্লিষ্টরা।
পরিদর্শন শেষে সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, “বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি পরীক্ষা চলাকালে পুরো পরিবেশকে স্বচ্ছ, নিরাপদ ও শিশুবান্ধব রাখতে। অভিভাবকরাও আমাদের কাজকে সহযোগিতা করেছেন।
এমন সুষ্ঠু আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং তাদের আত্মবিশ্বাস গঠনে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এ বছরের পরীক্ষায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।”