ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ধারাবাহিক বিজয় জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪–২৫ সেশন নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের যেসব বড় ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে, সেগুলোতে লাখো শিক্ষার্থী পড়াশোনা করেন। তাই এই বিজয় শুধু শিক্ষাঙ্গনের নয়—এটি জাতীয় রাজনীতির দিকনির্দেশনাও বয়ে আনছে। তার ভাষায়, “ছাত্র রাজনীতি দেশের ভবিষ্যৎ রাজনীতির প্রতিচ্ছবি। তাই এই নির্বাচনগুলোতে শিবিরের বিজয় জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে—এটা নিশ্চিত।”
বক্তব্যে সাদ্দাম বর্তমান সরকারের বিভিন্ন প্রশাসনিক আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বিশেষ করে ডিসি–এসপি পর্যায়ে “বিএনপি ধারার” দিকে ঝুঁকে থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। তার মতে, ন্যায়বিচার ও জনগণের রায় প্রতিফলনের জন্য জাতীয় পর্যায়ে গণভোট আগে হওয়া উচিত।
তিনি বলেন, “যেখানে গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত সঠিকভাবে নেওয়া দরকার, সেখানে সরকারের অবস্থান স্পষ্ট নয়। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গণভোটই হতে পারে উত্তরণের পথ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি শিবির সভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, জাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং শিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ানুল হক।
বক্তারা বলেন, ছাত্রশিবির বহুদিন ধরে ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে তাদের বিজয় মানে শিক্ষার্থীদের আস্থা ও পরিবর্তনের প্রত্যাশা প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, শিক্ষাঙ্গনে এই ধারাবাহিকতা রাজনৈতিক প্রেক্ষাপটেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বড় ভূমিকা রাখবে।