বন্দরনগরী চট্টগ্রামে সম্প্রতি ধারাবাহিক সন্ত্রাসী তাণ্ডব ও প্রকাশ্যে গুলির ঘটনায় উদ্বেগের প্রেক্ষাপটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিহতের লক্ষ্যে টহল ও থানা ইউনিটগুলোকে সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার মোডে রাখতে হবে।’ মঙ্গলবার দুপুরে কমিশনারের ওয়ারলেস বার্তায় এ নির্দেশ সিএমপির সব সদস্যের কাছে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নগরে প্রকাশ্যে হত্যাকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে গত ৫ নভেম্বর বায়েজিদ-চালিতাতলী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ সভায় সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহত হন, যার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। ওই ঘটনার পর থেকেই নগরে অস্ত্রধারীদের সক্রিয়তা বেড়ে যায়।
কমিশনার হাসিব আজিজ স্পষ্ট করে বলেছেন, এই নির্দেশনা নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। যার হাতে অস্ত্র নেই, তার ওপর এসএমজি ব্যবহার করা হবে না। তবে যারা প্রকাশ্যে সশস্ত্র হয়ে মানুষ হত্যা করবে, তাদের প্রতিহত করতে আইনসম্মতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিএমপি সূত্রে জানা যায়, টহল টিমগুলোকে এসএমজির পাশাপাশি শিশা শটগান, গ্যাস গান ও ৯ মি.মি. পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে পাহাড়ি এলাকা থেকে নগরে অস্ত্র প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা মনে করেন, কমিশনারের এই পদক্ষেপ ফোর্সের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। তারা বলছেন, এটি প্রতিহিংসা নয়, বরং আইন অনুযায়ী তাৎক্ষণিক প্রতিরোধের উদ্যোগ, যা নগরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।