আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
সম্প্রতি আত্মপ্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ শুরু করেছে তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ইউটিএল’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন।
তবে সংবাদ সম্মেলন শেষ হবার ঘণ্টা খানেক পর পরিবর্তন করা হয় আহ্বায়ক কমিটি। ১১ সদস্য থেকে ১০ সদস্যের কমিটি করা হয়, যেখানে আহ্বায়ক সদস্য হিসেবে পূর্বঘোষিত ৬ জনের পরিবর্তে ৫ জনের নাম দেখা যায়।
বাদ যাওয়া শিক্ষক হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। তবে সদস্য থেকে ১ জনকে বাদ দেবার কারণ জানানো হয়নি সংগঠনটির পক্ষ থেকে।
এদিকে বুধবার (১৫ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মাহবুবুন নাহার অভিযোগ করেন কমিটিতে নাম দেয়ার আগে তার সম্মতি নেয়া হয়নি। ফেসবুক পোস্টে মাহবুবুন নাহার বলেন, “গতকাল ১৪ অক্টোবর প্রকাশিত ইউনিভার্সিটি টিচার্স লিংক এর কমিটিতে সম্মতি ছাড়া আমার নাম প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগতভাবে আমি এই গ্রুপের কোন প্রকার কার্যক্রমের সাথে জড়িত নই। তাছাড়া এই গ্রুপের কোন মিটিং এও আমার কোন উপস্থিতি বা সংশ্লিষ্টতা নেই। আমি এই গ্রুপের কোন ফর্ম ও পূরণ করিনি। এই কমিটির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করাটা খুব অসম্মানজনক। আমি এইটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই কমিটিতে আমি আগেও ছিলাম না এখনও নেই।”
পরে মাহবুবুন নাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সকালকে জানান, কমিটিতে আমার নামের বিষয়ে আমি কিছুই জানতাম না। ফেসবুক স্ট্যাটাসে আমি বিষয়টি ক্লিয়ার করেছি। অনুমতি ছাড়া কোন কমিটিতে নাম দেয়ার বিষয়টি দুঃখজনক।
তবে এই বিষয়ে ইউটিএল’র নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. হারুনুর রশিদ বলেন, কমিটিতে থাকার ক্ষেত্রে প্রথমে উনার (ড. মাহবুবুন নাহার) সম্মতি ছিলো, কিন্তু পরে তিনি তার অবস্থান থেকে সরে দাঁড়ান। একারণে আমরা আহ্বায়ক কমিটি সংশোধন করেছি।
তবে সেই শিক্ষিকার ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা কোন ফর্ম পূরণের মাধ্যমে কমিটি গঠন করিনি, আলোচনার মাধ্যমেই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উনার সাথে আমাদের কমিটির আহ্বায়ক কথা বলেছিলেন। সেখানে দুজনের কথা বলায় কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। তবে বিষয়টা আমরা সমাধান করেছি।
উল্লেখ, চলতি বছরের ২৬ জুলাই জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতাকে মূলনীতি ধরে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি টিচার্স লিংক। তারা ৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ১৪ অক্টোবর নজরুল বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করে।