জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় শামীম জমাদ্দার (৩৫) নামে তিন সন্তানের জনককে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি সোহাগ ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে আহত শামীমের বাবা আব্দুল হালিম জমাদ্দার বাদী হয়ে সোহাগ ফরাজীকে প্রধান আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঠবাড়িয়া বাজারের ব্যবসায়ী ও তিন সন্তানের জনক শামীম জমাদ্দারের সঙ্গে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আ. আজিজ ফরাজীর ছেলে সোহাগ ফরাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জেরে রোববার দুপুরে শহরের দক্ষিণ বন্দর গরুর হাট এলাকায় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহাগ ফরাজী ধারালো দা দিয়ে শামীমের গলায় কোপ দেন। এতে তাঁর গলার নিচের রগ কেটে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শামীমকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সোহাগ ফরাজীকে আটক করে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, “আহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি সোহাগ ফরাজীকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”