রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ক্যাম্পাস গঠনের প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় ক্যাম্পাসে এই কার্যক্রম সূচিত হয়। এরপর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানজুড়ে চলে পরিচ্ছন্নতা অভিযান।
অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে গামবুট, ঝাড়ু, ডাস্টবিন ও হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সড়ক, একাডেমিক ভবন ও সাধারণ আড্ডাস্থলগুলোতে ঝাড়ু দেওয়া ও ময়লা পরিষ্কার করা হয়। কর্মসূচির শেষ দিকে মশা ও ব্যাকটেরিয়া প্রতিরোধে ক্যাম্পাসজুড়ে ব্লিচিং পাউডার ছিটানো হয়, যাতে পরিবেশ থাকে সতেজ ও স্বাস্থ্যসম্মত।
শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানার্জনের স্থান নয়, এটি আমাদের দ্বিতীয় ঘর। তাই এই ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবার সম্মিলিত সহযোগিতা জরুরি। সবাই যদি আন্তরিকভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের ক্যাম্পাসকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গনে রূপান্তর করা সম্ভব, ইনশাআল্লাহ।”
অভিযান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার বলেন, “আমরা প্রতিদিন এই ক্যাম্পাসে সময় কাটাই, কিন্তু অনেক সময় দেখি ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকে। আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছাত্র সংগঠনগুলো যদি এভাবে ইতিবাচক কাজের দিকে এগিয়ে আসে, তাহলে আমাদের ক্যাম্পাস আরও সুন্দর হয়ে উঠবে।”
দিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় এক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশের দৃষ্টান্ত।