নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা জেলায় গ্রাম আদালতে এক বছরে ১হাজার ৮২৩ টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিস্পত্তি হওয়া মামলার মধ্যে পারিবারিক, দেওয়ানী ও ফৌজদারি অপরাধ বিষয়ক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক মামলা নিষ্পত্তি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এসব তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, এভিসিবি -৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুজাহিদ, মোঃ আতিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশ নেন।
গ্রাম আদালতের বিচার কাজ সুচারুভাবে সম্পন্ন করায় জেলার তিনজনকে পুরস্কার দেয়া হয় ও শ্রেষ্ট উপজেলা হিসেবে একটি উপজেলাকে পুরস্কার দেয়া হয়।
যে তিনজন পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন, পূর্বধলার জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার পান কলমাকান্দা উপজেলার লেঙুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, ও তৃতীয় পুরস্কার পান বিষকাকুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। এছাড়া শ্রেষ্ট উপজেলার পুরস্কার পায় জেলার হাওরাঞ্চলের উপজেলা খালিয়াজুরী।
পূর্বধলার জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলের গরীব মানুষ তাদেরর বিচারের জন্যে বেশি আসেন। বিচারপ্রার্থীদের বাড়ি কাছাকাছি হওয়ায় বিনা খরচে বিচার পাচ্ছেন। এতে করে তারা উপকৃত হচ্ছেন। তাছাড়া ছোট ছোট বিষযগুলো নিয়ে এখানেই মামলা করে বিচার পায়।
কলমাকান্দা উপজেলার লেঙুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, গ্রাম আদালতের পেশকার নিয়োগ হচ্ছেনা। এতে করে আদালতের বিচারকাজ ব্যাহত হচ্ছে। তাই দ্রুত পেশকার নিয়োগ দেয়া দরকার।
নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আরিফুল ইসলাম সরদার জানান, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালে জেলার ১০টি উপজেলার ৮৬ ইউনিয়ন পরিষদের ৮৬ টি গ্রাম আদালতে ১হাজার ৯৭৬ টি আবেদন করেন সুবিধা বঞ্চিত বিচার প্রার্থী মানুষ।
এর মধ্যে ৯২ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে। আবেদনকারীদের মধ্যে ২৫ভাগ নারীর ৪৪৪ টি ও ৭৫ভাগ পুরুষের ১হাজার ৩৩২টি মামলা ছিল। আদালতের বিচারপ্রার্থীরা মোট ২কোটি ২৩লাখ ৬৫হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদবলেন, গ্রামের সুবিধা বঞ্চিত অধিকাংশ মানুষ শহরে গিয়ে আদালতে বিচার প্রার্থী হতে পারেন না। এক্ষেত্রে গ্রাম আদালতকে কার্যকর ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতের ক্ষমতার আওতায় যেসব বিচার করা সম্ভব তা নিরপেক্ষ ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।