বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের পেছনে তারেক রহমানই ছিলেন মূল মাস্টারমাইন্ড। তিনি ছাত্রদের নৈতিক আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়ে এমনভাবে নেতৃত্ব দিয়েছেন, যাতে আন্দোলনকে কেউ ভিন্নদিকে নিতে না পারে। তারেক রহমানের কৌশলগত নির্দেশনায় এ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বিজয়ে রূপ নেয়।
গতকাল বিকেলে পাবনার বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে রূপপুরের বাঁধেরহাট মোড়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সেলিম রেজা হাবিব বলেন, “আমরা হামলা-মামলার শিকার হয়েছি, জীবনকে বাজি রেখে রাজপথে থেকেছি, কিন্তু আপস করিনি। শেখ মুজিব এক দফায় ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, তার মেয়ে শেখ হাসিনা তার থেকেও ভয়ংকর এক ফ্যাসিবাদ কায়েম করেছিল।
তখন জনগণের কোনো কথা বলার অধিকার ছিল না। তারেক রহমান সব দলকে এক ছাতার নিচে এনে আন্দোলনকে সফল করেছেন।”
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে। তাই নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনা হবে।
রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমেই একটি দল শক্তিশালী হয়, আর আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ এবং সঞ্চালনা করেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান মান্না। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।