আওয়ামী লীগের আমলে রাতের বেলায় ভোট গ্রহণ এবং ফল ঘোষণার কড়াকড়ি প্রক্রিয়ার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “নির্বাচনের সঙ্গে সঙ্গে নির্বাচনি ব্যবস্থার নিয়ম-কানুনও পাল্টাতে হবে। আগের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রেফারিই গোল দিয়েছে, থানার ওসি পাহারা দিয়েছে আর ইউএনও ফল ঘোষণা করেছে।”
শুক্রবার (২৯ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে আয়োজিত ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, সেই সময়ে ভোটাররা প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেকে ৪০-৫০ বার ভোট দিয়েছে, এমনকি মৃত ব্যক্তিদের নামেও ভোট পড়েছে। তিনি বলেন, “এ খেলায় জনগণ বঞ্চিত হয়েছে, আর মন্ত্রী-এমপিদের ভাগ্যই বদলেছে।”
তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনি ঘোষণা দিন খেলার নিয়ম বদলেছে। এই নিয়মের আইনগত ভিত্তি দিন, আগামী মাসেই নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে সে-ই নির্বাচিত হবে। এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের দরকার একটি নতুন সংবিধান।”
তিনি আরও বলেন, অতীতে ভোটের আগের রাতে ঘরে ঘরে গিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার নজির রয়েছে। কিন্তু জনগণকে প্রতিজ্ঞা করতে হবে, আর টাকার কাছে নিজেদের বিক্রি করবে না। তিনি দাবি করেন, এসব টাকা দুর্নীতি করে আনা হয় এবং নির্বাচনের পর জনগণের কাছ থেকেই আবার তা আদায় করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা এনসিপির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীর। আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও সদস্য আমির হোসেন।
হাসনাত জোর দিয়ে বলেন, “ওসি-ইউএনওদের দিয়ে রাতের ভোটের খেলা আর চলবে না, এ খেলা বন্ধ করতেই হবে।”